Tuesday, March 24, 2026
Homeসবিশেষকবিতাকুয়াশাকীর্তন ও অন্যান্য । হাফিজ রশিদ খান

কুয়াশাকীর্তন ও অন্যান্য । হাফিজ রশিদ খান

আবে জমজম

অপরিচিতের গ্লানি এসে মুখে লেগে থাকে
                       হঠাৎ বেগানা হাওয়ায়

এজমালি চাপকলের জলের ধারে
                           যেতে ডর লাগে
                  দল বেঁধে ওরা মিনারেল ওয়াটার
.             কিনে খেতে বাধ্য করে—
আমার তো টানাটানির সংসার

আমারও তো প্রথম চিৎকার ছিল
                           এই দেশে
                    মায়ের জরায়ু থেকে নেমে

আমি আর কোথা যাবো
.          এই চেনা পরিবেশ ছেড়ে
.                  খুঁজবো কোথায়— আবে জমজম

আমাকে চেনো না হে পাশের জন
            আমি আদমের সন্তান জগতব্যাপী …

কুয়াশাকীর্তন

আমার চোখের ঘরে কুয়াশার চোখ হাসে
.              রাত কাবারে সূর্যের আলো আসে

শীতকাপড়ের অভাবে যৌবন যায়
.            তবু হাসি জ্যান্ত থাকে
.                 আমাদের যুগল ওষ্ঠের কিনারায়

ঘাসফুলের ওপর পা চালিয়ে
.               রোদের উদার দহলিজে
                                   ধীরে
.                   যেতেছ মিলিয়ে

দুপুর সন্ধ্যা ও রাত্রি গেল
.          নয়ন না তিরপিত ভেল …

নিন্দা

হা প্রভু, আমাকে শুধু নিন্দার বুলেটে লোকেদের শাসাতে
                                       তোমার ভুবনে পাঠালে

স্বর্গের উদ্যান থেকে ভুল জায়গায়
          পাঠিয়ে তুমিও কি মাথায় হাত রেখে
                    মনস্তাপে দগ্ধ হচ্ছ এখন দিন ও রাতভর

তোমার গুণের সমস্ত পরাগ
.     ফেরেশতাদের দিয়েছ তো অকাতরে
     শুধূ নিন্দাটাই এলো সুবর্ণসাপের ভঙ্গিতে ভীষণ
                          হেলেদুলে এই আমারই বরাতে

নাকি নিজের পথের কাঁটা সারা গায়ে জড়িয়েছি
.                           আমারই আগের কোনো ভুলে

প্রভু, আমার প্রাণের না না ধ্বনিতে কাঁপছে
.         পৃথিবীর বুক
.           —এ সাজা আমার শেষ হবে কবে, প্রভু …

এই বদনাম

কত বদনাম নিয়ে পথ চলি
আমার তো ফুটো থলি

চোখে কম দেখি
সকলেরে বলি মেকি

রাস্তায়-রাস্তায় ঘুরি
পেটে ভাত নেই, কণ্ঠে তবু সংগীতের জৌনপুরী

নাক চ্যাপ্টা, খাড়া চুল লোকেদের লগে করি মাস্তি
আমার শরীরে লেগে আছে নাকি নিখিলের নাস্তি

রাজা আর রানি মরে কত শান-শওকতের কবলে
আমার আকাশে তবু আশার পিদিম জ্বলে

আমি ভুখা, ফুঁকি শস্তা বিড়ি
একটু নরম বটে, সেই মৎস্য নিয়ে ঘরে ফিরি

বউয়ের থুতনিতে চুমু দিই
হি হি আমার কী— তোদের পাতে ঘি …

 

হাফিজ রশিদ খান
হাফিজ রশিদ খানhttp://raashprint.org
কবি, কথা সাহিত্যিক।
এইরকম আরও পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
ad place