আমি খোঁজতে বেরিয়েছিলাম আমাকে—
নিজের ভেতরের সেই অদৃশ্য মানুষটাকে, যে কখনো আয়নায় ধরা পড়ে না, কিন্তু সবসময় চোখের ভেতর লেগে থাকে।
খোঁজতে খোঁজতে তোমাকে পেয়ে গেলাম।
অদ্ভুতভাবে, তোমার কাছে আসাটাই যেন আমার নিজের দিকে ফিরে আসা।
আমি তোমার সামনে বসি।
চুপচাপ।
তুমিও চুপ—বোবা বিক্রেতা, তবু তোমার চারপাশে শব্দের ভিড়।
আমি দেখি—আলো। অন্ধকার।
কেউ বাতাসে আলো নিয়ে খেলা করছে—
আঙুলের ফাঁকে ফাঁকে ছড়িয়ে দিচ্ছে ঝলক, যেন সত্যও একধরনের খেলনা।
আবার কেউ বাতাসই বিক্রি করছে আলোর কাছে—
যেন আলোও নিজে টিকে থাকতে কারো শ্বাস ধার নেয়।
অন্ধকার বিক্রি হচ্ছে খুব সস্তায়।
নামমাত্র মূল্যে।
যারা কিনছে, তারা হয়তো জানেই না—
অন্ধকার কখনো একা আসে না, সঙ্গে করে নিয়ে আসে গভীরতা, ভয়, আর এক ধরনের নিঃশব্দ সত্য।
আমি আমার শৈশব কিনতে চেয়েছিলাম।
হাত বাড়িয়ে বলেছিলাম—“ওটা দাও, যেটা হারিয়ে গেছে।”
কেউ তা বিক্রি করে না।
কারণ শৈশব কোনো পণ্যে বাঁধা পড়ে না—
ওটা শুধু হারায়, ফিরে আসে না;
অথবা ফিরে এলেও, অন্য কারো স্মৃতিতে, অন্য এক নামে।
তুমি যে কী বিক্রি করো,
তার হিসাব নিতে নিতে
আমি সংখ্যাগুলো ভুলে যাই,
তারপর ধীরে ধীরে—নিজেকেও।তুমি কি আমি?
না আমিই তুমি?
আমি খুঁজি আমাকে।
কিন্তু তোমার দিকে তাকালেই মনে হয়—
আমি কি ভুল ঠিকানায় চলে এসেছি?
নাকি এটাই সেই জায়গা, যেখানে মানুষ নিজেকে হারিয়ে ফেলে,
আর অন্য কাউকে খুঁজে পায়,
যে আসলে তারই অন্য রূপ?
তোমার কাছে যেতে যেতে
আমি আমাকেই দেখতে পাই—
ভাঙা আয়নার মতো, খণ্ড খণ্ড প্রতিচ্ছবি,
যেখানে প্রতিটা টুকরোই সত্য, আবার কোনোটাই সম্পূর্ণ নয়।
প্রশ্ন জাগে—
তুমি আসলে কে?
তুমি কি সেই বাতাস বিক্রেতা,
যে শূন্যতাকে মোড়কে বেঁধে মানুষকে স্বস্তি দেয়?
না কি তুমি অন্ধকার,
যে নিজেকে আড়াল করে রেখেছে আলোর ভাষায়?
তুমি যে কী বিক্রি করো,
তার হিসাব নিতে নিতে
আমি সংখ্যাগুলো ভুলে যাই,
তারপর ধীরে ধীরে—নিজেকেও।
তুমি কি আমি?
না আমিই তুমি?
নাকি আমরা দু’জনেই সেই বোবা বিক্রেতা—
যে কিছুই বলে না,
তবু সবকিছু বিক্রি করে দেয়—
নামহীন অনুভূতি, অচেনা ভয়, আর অর্ধেক সত্যের বিনিময়ে
পূর্ণ এক বিভ্রম?
২১ মার্চ ২০২৬

কবি, সম্পাদক, পুস্তকপ্রকাশক, স্থিরচিত্রগ্রাহক ও স্বতঃপ্রণোদিত তথ্যচিত্রনির্মাতা। আবির্ভাবকাল বিবেচনায় একবিংশ শতকের প্রথম দশকের লেখকদলের অন্তর্ভূত। পূর্বপ্রকাশিত কবিতাবই তিনটি : ‘অনক্ষর ইশারার ঘোর’ ২০১৫, ‘কয়েক পৃষ্ঠা ভোর’ ২০১৯, এবং ‘রুদ্ধজনের রাগ ও সম্বিৎ’ ২০২৫; অন্য বই ইংরেজিতে অনুদিত : ‘The layers of Dawn’ ২০১৮ সালে বের হয়েছে। সম্পাদনা করেন সাহিত্যপত্র ‘সূনৃত’ ও ওয়েবম্যাগ ‘রাশপ্রিন্ট’। ছোটকাগজ সম্পাদনায় পেয়েছেন ‘সমুজ্জ্বল সুবাতাস ২০১৩’ সম্মাননা। যুক্তরাষ্ট্রেরে প্রথম রাজধানী ফিলাডেলফিয়া, সেখানে প্রথম ‘বইমেলা ৩১ মে ২০২৫’ করতে সক্ষম হন। ফিলাডেলফিয়ায় প্রথম বাংলা সাহিত্য পত্রিকা প্রকাশ এবং সম্পাদনা করেন ‘ফিলাডেলফিয়া, মে ২০২৫’ নামেই।
নাট্যসংগঠনের সঙ্গে সংলিপ্ত। জন্ম ও বেড়ে-ওঠা বাংলাদেশের উত্তরপূর্ব সীমান্তবর্তী সিলেট শহরে ৫ জানুয়ারি ১৯৭৮ সালে। পেশাসূত্রে সপরিবার বসবাস যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়।
বিষাদমুক্ত, ভ্রমণপ্রিয়, বন্ধুবৎসল। ফোন : +1 (929) 732-5421 ইমেল: ahmedsayem@gmail.com
