ক
আজ শনিবার তোমার ইচ্ছে মতো ঘৃণা জানাতে পার, হ্যাঁ হ্যাঁ অতিথিদের মুখ না দেখা গেলেও তোমার পা’য়ের শব্দ থেকে প্রতিটি দৃশ্য প্রচার করা হবে চ্যানেলে-চ্যানেলে, হ্যাঁ শনিবার আজ তা মিথ্যে নয়, পদচিহ্ন যে কোনো ভাষাতেই দিতে পার
খ
ঘুমোতে যাওয়ার আগে জামার বোতামগুলো শরণে নিও, খুন হবার আগে ওগুলো দেখেশুনেই রাখতে হয় তাই বলছি, আজ শনিবার চুলে রাবার বাঁধতে গিয়ে পাথর রঙের স্বপ্নটাও বেঁধে দিও
গ
আয়নায় মুখ দেখে দেখে তোমার অনিষ্টতা জানাও, তা হতে পারে শুধু মাত্র একটি বিকেলের জন্যে ছিলো, বা সন্ধ্যার পরে শাড়ির ভাঁজ খুলতে গিয়ে সারাটা শরীর ভিজে গেছে বৃষ্টিফোঁটায়, অথবা ভুল সময়ে বিস্তৃত ছিলো মেঘের বাক্স, তবু শনিবার আজ তাই যে কোনো নিঃশ্বাসের চিহ্ন বলতে পার যা নিয়ে ক্ষুধার্ত থাকো প্রতিদিন
ঘ
জানালায় তোমার হাত দেখা না গেলেও বিড়ালছানাদের চোখদুটি স্পষ্ট ছিলো, প্রকাশিত ছিলো নীরবতা-নিঃশ্বাস আর অদৃশ্য করে রাখা তোমার নাকফুলের গন্ধ, শনিবার, তাই মোবাইল মেসেজে জানা গেলো জানালায় ছিলো সময়ের ভুল কয়েকটি চিহ্ন
ঙ
ছেলেটির নেশা ছিলো দেশ ও মায়ের শরীর, তাই তাকে কৌশল নিতে হয় কোনো একটা শনিবার বা সান্ধ্যবৃষ্টিতে; মুখোশ নিতে হয় ভিন্ন ভিন্ন রকম,-ইসলাম শব্দটি ছিলো আরো অন্যরকম মন্ত্র
চ
আনন্দের প্রথম রঙটি থাকত উইপোকাদের দীর্ঘ-দীর্ঘ ভ্রমণ, ওরা জানে স্বপ্নগুলো কতোটা বেঁকে গেছে, দৃষ্টি যে কতটা অ-ধ্রুব তা তার পায়ের চিহ্ন শব্দ ও রঙ থেকে প্রতিটা লহমা ছিলো তাদের মুখস্ত, ওরা জানে শনিবার ছিলো শেষ দৃষ্টি তাই বৃষ্টির ফোঁটা পড়ার আগেই তাদের জলার্তি ঠোঁট আমার সীমানায় এঁকে দিত
ছ
তোমার অলক্ষ্যে নিঃশ্বাস নিয়ে দেখেছি আকাশ পৃথক ছিলো না কখনো, অথচ প্রকাশ্যে তোমার হাতধরে বসেছি অন্যদিনের প্রতি, পয়সা-কড়িতে কোনো রঙ ছিলো না সত্যি, আকাশসমান কাজের সকল প্রকাশনাই সমাপ্তি ঘটেছে তোমার পরম ছায়ায়, শনিবার ছিলো তবু অলক্ষ্যে নিঃশ্বাস নিয়েছি আর জেনেছি সূচিত হওয়া সকল নৃত্য তোমার মাঝে রাখা তাই হাঁটতে হাঁটতে পড়ে নিয়েছি একশোবার-রব্বি আন্নী মাগলুবুন ফানতাছির

কবি, সম্পাদক, পুস্তকপ্রকাশক, স্থিরচিত্রগ্রাহক ও স্বতঃপ্রণোদিত তথ্যচিত্রনির্মাতা। আবির্ভাবকাল বিবেচনায় একবিংশ শতকের প্রথম দশকের লেখকদলের অন্তর্ভূত। পূর্বপ্রকাশিত কবিতাবই তিনটি : ‘অনক্ষর ইশারার ঘোর’ ২০১৫, ‘কয়েক পৃষ্ঠা ভোর’ ২০১৯, এবং ‘রুদ্ধজনের রাগ ও সম্বিৎ’ ২০২৫; অন্য বই ইংরেজিতে অনুদিত : ‘The layers of Dawn’ ২০১৮ সালে বের হয়েছে। সম্পাদনা করেন সাহিত্যপত্র ‘সূনৃত’ ও ওয়েবম্যাগ ‘রাশপ্রিন্ট’। ছোটকাগজ সম্পাদনায় পেয়েছেন ‘সমুজ্জ্বল সুবাতাস ২০১৩’ সম্মাননা। যুক্তরাষ্ট্রেরে প্রথম রাজধানী ফিলাডেলফিয়া, সেখানে প্রথম ‘বইমেলা ৩১ মে ২০২৫’ করতে সক্ষম হন। ফিলাডেলফিয়ায় প্রথম বাংলা সাহিত্য পত্রিকা প্রকাশ এবং সম্পাদনা করেন ‘ফিলাডেলফিয়া, মে ২০২৫’ নামেই।
নাট্যসংগঠনের সঙ্গে সংলিপ্ত। জন্ম ও বেড়ে-ওঠা বাংলাদেশের উত্তরপূর্ব সীমান্তবর্তী সিলেট শহরে ৫ জানুয়ারি ১৯৭৮ সালে। পেশাসূত্রে সপরিবার বসবাস যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়।
বিষাদমুক্ত, ভ্রমণপ্রিয়, বন্ধুবৎসল। ফোন : +1 (929) 732-5421 ইমেল: ahmedsayem@gmail.com


আজ শনিবার তোমার ইচ্ছে মতো ঘৃণা জানাতে পার…