Thursday, March 26, 2026
Homeসবিশেষকবিতাপাতালের লৌকিক সাঁতার । মেকদাদ মেঘ

পাতালের লৌকিক সাঁতার । মেকদাদ মেঘ

পাতালের লৌকিক সাঁতার

বাতাসের ডানাকাটা সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো যায় যাত্রা শুভ হোক সকলের
সর্বদাই গতিময় আত্মা ও দুঃখ নামক অনাত্না ,
গতির মুদ্রা মুদ্রিত যাদুর অক্ষর
চিরকাল ঘূর্ণায়মান প্রগতির চাকা
কর্ম ব্যঞ্জনায় ভাসে হৃদয়ের ভাষা
পাখি ও পাতার ভাঁজে হাওয়ায় হাওয়ায়
নক্ষত্রের কান্না পায় হাসি পায়
চিরায়ত নাক্ষত্রিক সংসারে
তারকা নয় খসে পড়া উল্কার নৃত্যে কাঁপে আশপাশ
খসে পরে গলিত জোছনা নক্ষত্রসময়
মানুষের মিউজিয়ামে সংরক্ষিত রোদ বৃষ্টি অতিক্রম করে
ঘোর অন্ধকার ভেঙ্গে পাতালের লৌকিক সাঁতার
আমরা দেখতে থাকি সূবর্ণ স্মৃতির পৃষ্ঠা
দোলতে থাকে সময়ের হাতে
যেরকম পৃথিবীর সময়ের পাতা থেকে
অশ্রু বিন্দু রেখে
মৃন্ময়ী বেলা শেষে বাড়ি ফিরে যায়

২.

কিছু মানুষের বদলে যাওয়া দেখে দেখতে থাকি খোলস পাল্টানো
সাপের মৌসুম, যেন পাল্টানোর শুরু ও শেষ নেই
অদ্ভুত মৃত্যুর গান মসলা ও কমলার বনে।

৩.

মাঝে মাঝে গোপন রহস্যঘেরা আয়নায় ভাসতে থাকে মহাকাশ জুড়ে ভ্রমরার গুঞ্জনময় ব্যাথার শরীর
ইচ্ছা মৃত্যু দূরে সরে যায় ধূসর অধ্যায় শেষে, আমাতেই আমিত্বের ঘরগেরস্হালি আরেক অঘ্রাণ
বস্তুর দ্যোতনাহীনতার মতো রহস্য বিহীন

তখনও লৌকিক সাঁতারে
নিজেকে জানান দেই
নিঃসঙ্গতা একাকিত্ব নয় নির্জনতা নয় নৈঃশব্দ্যের নির্লিপ্ত ডানা

শূন্যতার মগ্নরথে অনেকেই বেঁচে আছি
উড়ে জন্মের অনলে পোড়া
অমরত্বের লৌকিক মাছি

যদিও জীবন রূপকথার কানামাছি নয়

৪.

ও হাওয়া তুমি বহমান কেনো আদি অন্তহীন
জল তুমিও ঘুরছো চক্রাকারে
আগুন তুমিও জ্বলছো নিরবধি
যেন তোমরাও পরার অধীন

ঘূর্ণনের অনুভব কখনো কি শেষ হয় তোমাদের
তোদেরও কি রয়েছে বেদনা স্মৃতি আনন্দের

৫.

মহাকাশ থেকে কখনো পৃথক নই
পৃথক নই মহাবিশ্ব থেকে
মহাকাশকে বলেছি মহাকাশ
আমরা তারই বিশালত্ব দেখে

কী করে পৃথক হই একসঙ্গে
আমাদের এই বসবাস
আমাদের ভেতরে বাহিরে তার
চলমান গোপন নির্যাস,

নক্ষত্রের মতোন আমরা
আমরাও মহাবিশ্বে ফুল
জৈব ও অজৈব রসায়নে
কখনোই নয় নির্ভুল,

মহাবিশ্ব থেকে নই আমরা আলাদা
গোপন মায়ার চক্রে চক্রাকারে বাঁধা।

৬.

অতি বোধ
বধির হয়ো না বেশি
বোধান্দের আছে হাহাকার

স্মৃতি ব্রহ্মে পারাপারে
জেনে নিতে হয়
পাতালের লৌকিক সাঁতার।

৭.

লৌকিক সংসারে
মেঘ বালিকার খোঁজে
দূরের পাহাড় ও পাতালে
ভাসিয়েছি মনের পানসি
তারপর তারকার ভীড়ে
দূরত্বের তারকাটা রেখায়
অন্ধকার সীমান্তে সীমান্তে প্রায়
দেখি গোলগাল আলোর সন্ন্যাসী,

হাসে ও হাসায়
কাঁদে ও কাঁদায়
যেন হৃদয় ব্যাপারি
মেঘ বালিকার খোঁজে
ডানপিটে ছেলেবেলা
পৌঁছে যায় যৌবনের বাড়ি,

মেঘ বালিকার ঘোরে
ঝোপ ঝাড়ে হৈ হুল্লোড়ে
কত রঙ স্বপ্ন হলো খুন
কে জানে এমন স্মৃতি মধুর ফাগুন
পা চলতো আগে আগে
স্বপ্নের স্বদেশে জেগে গহীন আবেগে
তাও যেন সময়ের কঠিন উনুন,

মেঘ বালিকা কি জানে বুকের ভিতরে ঝড় এ কোন আগুন

৮.

হাঁটতে হাঁটতে থামে যদি পা
তুমিও থমকে যাও
এমন থামা বদলে ফেলো ঠিকই
পুরোনো দিন ফিরে কি আর পাও?

চলতে চলতে ক্লান্ত যদি হও
ক্লান্তি দূরে যাক
চোখে কখনো দেখতে পেয়েছো কি
তৃষ্ণা মেটাতে পাথর বইছে কাক

হাঁটতে হাঁটতে কখনো থামো যদি
থামে না বিশ্ব তোমার জন্মভূমি
আত্মা আর অনাত্নার বিশ্রামে
জেগে ওঠো পুরো পুরোটাই জাগো তুমি।

৯.

নক্ষত্র ছায়ায় তোমাকে দেখতে ইচ্ছে করে
নক্ষত্র দেখতে দেখতে তোমাকে বলতে চাই
মুগ্ধতা ধূসরতার চেয়ে কম নয়
অন্তরঙ্গতা কেটে ফেলে দীর্ঘশ্বাস মতো দূরত্বের জাল

জেনে নিতে হয়
পাতালের লৌকিক সাঁতার।

মেকদাদ মেঘ
মেকদাদ মেঘhttp://raashprint.org
জন্ম ১৮ ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলার দিরাই থানার নগদীপুর গ্রামে। পুরো নাম মেকদাদ হোসেন চৌধুরী। পিতা শায়েখ মিয়া চৌধুরী মাতা মহিমা বেগম। কবিতাই আরাধ্য আপন। সময় কাটে চিত্রশিল্প, সংস্কৃতি, রাজনীতি ও গানের ভুবনে। ২০১০ সাল থেকে সম্পাদনা করছেন ছোট কাগজ স্বপ্নস্রোত, সারিন্দা (যৌথ)। প্রথম কাব্য হাওয়াই ডাকঘর (২০১২) প্রকাশের  অর্ধযুগ পর গানের বই মেঘ বাউলের গান (২০১৮)। ডোরাকাটা অন্ধকার (২০২০) প্রকাশের পরে গ্রন্থ প্রকাশে আবার বই প্রকাশের অর্ধযুগের বিরতি। প্রতিষ্ঠানিক শিক্ষা রাষ্ট্রবিঙ্হান (সম্মান) মদন মোহন কলেজে, নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন দৈনিক যুগভেরী পত্রিকায়। মেকদাদ মেঘ বাংলাদেশ বেতার কেন্দ্রের তালিকাভুক্ত গীতিকার। গান ও কবিতাযাপনের পাশাপাশি   চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নান্দনিক নাট্যদল, জাতীয় কবিতা পরিষদ, হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
এইরকম আরও পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
ad place