সৌন্দর্যকে আমরা সাধারণত চোখে দেখতে চাই। রঙে, রূপে, সমান্তরালে তাকে খুঁজি। কিন্তু সৌন্দর্যের আসল জন্ম দৃশ্যের ভিতরে নয়; তার জন্ম হয় উপলব্ধির হঠাৎ আলোয়। সেই আলো একটি সাধারণ মুহূর্তকে অস্বাভাবিকভাবে গভীর করে তোলে। একটি বিকেলের আলো, ঝরা পাতার দুলে সূর্যের নিভৃত প্রতিফলন কিংবা কোনও মানুষের নীরব মুখে অচেনা শান্তির মুহূর্ত কি সৌন্দর্যেরই উপস্থিতি নয়? আর. সৌন্দর্য মানে রূপ, মাধুর্য, সাজসজ্জা নয়; বরং তা হল সেই অন্তরদর্শন-যেখানে বাহ্যিক রূপের আয়না ভেঙে যায়, আর আমরা কেবল অনুভবের রূপরেখায় নিজেদের দেখতে পাই।
সৌন্দর্যকে দেখতে চোখ লাগে। কিন্তু তাকে বোঝার জন্য লাগে আরেকটি অঙ্গ। সেই অঙ্গের তো কোনও শারীরিক নাম নেই। এটি চেতনার এক গভীর স্তর। সেখানে অনুভব ও বোধের মিলন ঘটে। সেখানে দেখা মানে স্পর্শ করা, আর স্পর্শ মানে শব্দ শুনে নেওয়া। সৌন্দর্যের বিষয়কে কেবল রূপের মধ্যে আটকে রাখা ভুল। রূপ কেবল দৃশ্যমান অংশ। যেন বিশাল সমুদ্রের ওপর ভাসমান একটি রেখা। সত্যিকারের সৌন্দর্য থাকে তার নিচের স্তরে; অন্ধকার জলরাশির গভীর কম্পনে। সেখানে আলো পৌঁছায় না, এবং আলোর প্রয়োজনও হয় না।
সৌন্দর্য আমাদের ভিতরে নীরবে প্রবেশ করে। নীরবতা, স্পর্শ ও অনুভূতির সূক্ষ্ম কম্পনে। তখন আমরা বুঝতে শিখি, আমরা শুধু বাঁচি না; আমরা অনুভবও করি। আমাদের অস্তিত্বের গভীরতা, সম্পর্কের মর্ম, শিল্পের ভাব, ভাষার শক্তি এবং স্মৃতির আলো তখন ধীরে ধীরে জেগে ওঠে।
আমরা ভাবি— সৌন্দর্য আনন্দ দেয়, মুগ্ধ করে, কিন্তু তার প্রকৃত শক্তি অন্য জায়গায়। সৌন্দর্য মানুষের ভিতর অস্থিরতা সৃষ্টি করে। সত্যিকার সৌন্দর্য যখন উপস্থিত হয়, তখন পরিচিত বাস্তবতা সামান্য কাত হয়ে যায়। যেন এক মুহূর্তের জন্য পৃথিবী নিজের অক্ষ থেকে একটু সরে যায়। আমরা সৌন্দর্যকে এক ভবঘুরে ও আপেক্ষিক সত্তা হিশেবেও দেখি। কারণ তার কোনও স্থিরতা নেই। একদিন সে বিকেলের ঢেউতোলা আলোয় এসে বসে। আরেকদিন ঝরা পাতার ছায়ায় হঠাৎ হারিয়ে যায়।
আমরা এমনও ভাবি— সৌন্দর্যকে ধরেছি, কিন্তু মুহূর্ত বদলালেই দেখা যায় অন্য আলো, অন্য শব্দ, অন্য অনুভূতিতে সে আবার ভেসেও যায়। একজন পথিক যেমন একটি শহরে রাত কাটিয়ে ভোরে অন্য রাস্তায় হাঁটা শুরু করে, সৌন্দর্যও তেমন। সে কোথাও স্থির থাকে না। দৃশ্য তার জন্য কেবল অস্থায়ী আশ্রয়। তার আসল ভ্রমণ আমাদের অন্তর্লোকের ভিতর দিয়ে। আর, এই কারণেই সৌন্দর্য আপেক্ষিক। এক-জনের চোখে যে দৃশ্য হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে, অন্যজনের কাছে তা সম্পূর্ণ নিরুত্তাপ। কারও কাছে বৃষ্টির শব্দ গভীর শান্তির সংগীত। আর কারও কাছে সেই একই বৃষ্টি একাকীত্বের বেদনাকে জাগিয়ে তোলে। এই ভিন্নতা সৌন্দর্যের নয়। এটি উপলব্ধির ভিন্নতা।
চলমানতা এবং বৈচিত্র্য সৌন্দর্যের স্বাধীনতা। এতটাই স্বাধীন যে তাকে কখনও পুরোপুরি ধরা যায় না। তবু সে মুহূর্তে মুহূর্তে আমাদের স্পর্শ করে। পথ দেখায়। আবার নিঃশব্দে সরে যায়। অনেক সময় বাস্তবতার সঙ্গে সৌন্দর্যের মুখোমুখি হওয়া আমাদেরকে দ্বন্দ্বে ফেলে। বাস্তবতা দৃঢ়। হিসাবনির্ভর। সীমারেখায় আবদ্ধ। সৌন্দর্য বাস্তবতাকে অস্বীকার করে না। বরং অন্ধ ঘরেও একটি জানালা খুলে দেয়। আলো প্রবেশ করলে আমরা নিজেদের গভীরতা দেখতে পারি। সৌন্দর্য অন্ধকারেও থামে না। সেখানেও সে কাজ করে। আমাদের গভীর ক্ষত, ভয় এবং একাকীত্ব তখন নতুন অর্থ পায়।
সৌন্দর্য যখন রূপ ধারণ করে, তখন তা যেন এক অদৃশ্য স্পর্শ। এই স্পর্শ মানুষের দুঃখ মুছে দেয় না। বরং সেই দুঃখের ভিতরে লুকানো আলোকে জাগিয়ে তোলে। এই আলোই শিল্পের প্রথম শ্বাস।
শিল্পী নিজের ভাঙা অনুভূতি, যন্ত্রণা বা অসম্পূর্ণ অভিজ্ঞতাকে বদলে দেন না, বরং তাদের মধ্যে লুকিয়ে থাকা দীপ্তি ও সুরকে দেখতে শেখেন। এই দেখতে পারাই শিল্পীর আনন্দের শুরু। শিল্পের সৌন্দর্য দুঃখহীন উত্তরণে নয়। বরং দুঃখকে আলোর পথে রূপান্তরিত করার সাহসে।
যখন অনুভূতির অন্ধকার শব্দে, রঙে বা দৃশ্যে রূপ নেয়, তখন একটি নরম আলো জন্ম নেয়। এই আলো শিল্পীকে নিজের ভিতর থেকেও উদ্ধার করে। পাঠক বা দর্শকের মনকেও আলোকিত করে। তাই, রূপায়ণের প্রকৃত সৌন্দর্য দুঃখের ভিতর আলো খুঁজে নেওয়ার নীরব আনন্দ।
শিল্প ও সাহিত্যের সৌন্দর্য বাহ্যিক নয়। তা মানুষের অভ্যন্তরীণ সত্যকে প্রতিফলিত করে। একটি কবিতা সততায় সুন্দর হয়। একটি গল্প মানবিক স্পন্দনে সুন্দর হয়। একটি চিত্র যন্ত্রণার নিশ্বাসে সুন্দর হয়ে ওঠে।
শিল্পী সৌন্দর্যের সঙ্গে বসবাস করেন অন্ধকারে, শূন্যতায়, প্রশ্নে এবং আশায়। তার কাছে সৌন্দর্য কেবল দৃষ্টি নয়। এটি একটি দায়িত্ব। অন্ধকারকে অর্থ দেওয়ার দায়িত্ব।
ভাষার সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক গভীর। ভাষা মানুষের যোগাযোগের উপায়। কিন্তু সৌন্দর্য ভাষাকে অনুভূতির বাহনে পরিণত করে। একটি শব্দ যখন তার সীমানা ছাড়িয়ে অনুভূতির দরজা খুলে দেয়, তখনই সত্যিকারের নান্দনিকতা জন্ম নেয়। শিল্প ও সাহিত্য সৌন্দর্যকে প্রকাশ করে এবং স্থায়িত্ব দিতে চায়। এছাড়া, সম্পর্কেও সৌন্দর্য কাজ করে। এটি সরাসরি দৃশ্যমান নয়।
স্মৃতির মধ্যেও সৌন্দর্য থাকে। সেখানে সে ক্ষীণ আলোর মতো। পুরনো শব্দের প্রতিধ্বনি, চলে যাওয়া মানুষের নীরব ছায়া, অতীত আনন্দের ধুলো, সৌন্দর্যকে ধরে রাখে। সৌন্দর্য স্মৃতিকে ব্যাখ্যা দেয়। মানুষ হিশেবে আমরা শুধু অতীতকে স্মরণ করি না; তার অর্থও অনুসন্ধান করি। স্মৃতি আমাদের কাছে নিছক ঘটনাপুঞ্জ নয়। তাতে সময়ের অভিজ্ঞতা, অনুভূতির ছাপ এবং জীবনের অদৃশ্য শিক্ষা জমা থাকে। তাই আমরা বার বার ফিরে তাকাই। সেই অভিজ্ঞতার ভিতর থেকেই নিজেদের বর্তমানকে বুঝে ভবিষ্যতের জন্য কোনও অর্থপূর্ণ পথ খুঁজে নিতে চাই।
আসলে সৌন্দর্য আমাদের জীবনের নানান স্তরে, নানান রূপে ছড়িয়ে থাকে। রূপে। বোধে। অন্ধকারে। আলোয়। শিল্পে। ভাষায়। সম্পর্কে। স্মৃতিতে। সৌন্দর্য কেবল চোখের বা বস্তুগত বিষয় নয়। এ এক অন্তর্নিহিত শক্তি, যেখানে জীবনের সংঘাত, অন্ধকার, আনন্দ ও যন্ত্রণা একত্রে মিলিত হয়।
সৌন্দর্য আমাদের ভিতরে নীরবে প্রবেশ করে। নীরবতা, স্পর্শ ও অনুভূতির সূক্ষ্ম কম্পনে। তখন আমরা বুঝতে শিখি, আমরা শুধু বাঁচি না; আমরা অনুভবও করি। আমাদের অস্তিত্বের গভীরতা, সম্পর্কের মর্ম, শিল্পের ভাব, ভাষার শক্তি এবং স্মৃতির আলো তখন ধীরে ধীরে জেগে ওঠে।
সৌন্দর্য যেন এক সেতু। সেই সেতুতে দাঁড়িয়ে আমরা নিজেদের মানবিকতা দেখতে পাই। অস্তিত্বের অর্থ বুঝতে পারি। অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাওয়ার শক্তি আবিষ্কার করি।
