১.
শরীরে রাষ্ট্র আঁকছি
আমাদের পোষা অন্ধকারে
বসে আছেন—
একজন সক্রেটিস
২.
আমরা অন্ধ সিভিলাইজেশনের
পা ধরে
দাঁড়িয়ে আছি—
বাকহীন তামাশায় …
৩.
রক্ত-জলাসারে
রাত্রি কাটছে—
অন্ধকারে স্তূপ হচ্ছে
স্মৃতিভস্মের ছাই
শরীরময়
৪.
ছুঁয়েও দেখনি
চিতা জ্বলছে—
আমার একলা একলা লাগে
বিরহ বিপন্ন জীবন
৫.
এই মরু-কাফেলায় বহর নিয়ে
আরবের দেশে যাচ্ছ
এতো সংশয় জেনেও
মনে মনে বেঁধেছি—
নীরবে মদিনা মনোয়ারা
৬.
দেহপাশে বইছে
জলপয়ার
মাতাল রাত্রিজুড়ে
বৃষ্টি ভারী কামকাতর
৭.
সব ট্যাটু আঁকা আছে
অশ্লীল
নগ্ন কার্নিভ্যাল এক
ছদ্মবেশী
নিদ্রালসা …
৮.
দেহে দোল খাচ্ছে
লাল মেটাফোর
মহাজগতের মতো
নিমগ্ন-চারপাশ
৯.
আমরা মরা রোদের মতো
হাঁটছি—
মস্তিষ্ক নিউরনে অজস্র
অ্যালঝাইমার নিয়ে
১০.
কেঁদো না ময়ূরাক্ষী
সুরার গন্ধ নিয়ে কেন
রাত করে বাড়ি ফিরো
আমি জানি
অন্তর্বাস
সময়ের সাথে ধাক্কা খেয়ে খেয়ে চলে যাচ্ছে—
এ-ভবঘুরে জীবন
সবকিছু বিমুখ হয়ে আছে
ধস নামছে
শূন্য-অনুভূতি নিয়ে
সমর্পণে ফিরব না জেনো
গুটিয়ে নেবো, সয়ে যাব
সকল ধসের রেস
বিরাগ
কেন যে গায়ে পড়ে ক্ষুব্ধ করো, বিরাগ করো, বার বার
আমি তো নদীহারা, জলহারা
রাতগুলো সঙ্গী করে দেখেছি—
জলে ভেসে যাওয়ার
স্বপ্ন শুধু মনে মনে আজ
শরীরে আমার বণিক বণিক গন্ধ গেল না
ব্যঞ্জনা
আমার শরীরে কোথায়ও না কোথায়ও একটা ক্ষত আছে, একটা তীব্র তীর গেঁথে আছে জীবন
হৃদয়ে করুন ভায়োলিন …
প্রতিদিন বেজে যাচ্ছি
তোমার
অন্তঃপুরে রাত্রি রন্ধ্রে রন্ধ্রে অস্ফুট আভা নিয়ে দূরে
শীত-উপত্যকায়

জন্ম: ১৯৭৩ খ্রি: বীরগাঁও, সুনামগঞ্জ, বাংলাদেশ । বতর্মানে যুক্তরাজ্য প্রবাসী।
প্রকাশিত কবিতাবই – ঘুগিভাব সঙ্গ, ২০০৪ খ্রি, শতাব্দী প্রকাশ, সিলেট থেকে প্রকাশিত। নগরমুসাফির ও মোনাজাত (২০১২) ঘাস প্রকাশনী। একাকী, শব্দ নৈ:শব্দ্য (২০২৪) নাগরী প্রকাশনী থেকে প্রকাশিত। এবং ছোট কাগজ ‘একতারা’র সম্পাদক।
নব্বইয়ের কবি । লিটল ম্যাগাজিনেই মূলত লিখেন।
