Tuesday, March 24, 2026
Homeকবিতাপ্রান্তরহেমন্তের অন্নপূর্ণা । বেবী সাউ

হেমন্তের অন্নপূর্ণা । বেবী সাউ

লগ্ন

দিতে তো পারিনি কিছু।শুধু বলে গেছি ‘থেকে যাও’
.
এই গৃহকোণ,ছাদ,অভিসারপথ শূন্য ভেবে
.
তুমিও নির্মম।
.
ভাঙো জমে থাকা বিস্মৃতি অতল
লাজরক্ত ঢেলে দিয়ে
.
সমস্ত নির্দেশ ভেঙে একা হেঁটে যাও বিবাহ উৎসবে

লক্ষ্মী

প্রকৃত কুশল জানো।
বিনিময়ে খসে যায় পাকা ধান
.
ফেরাটা সহজ ভেবে
তুমিও সাধক যেন
অভিমানে
.
পথে পথে ফেলে যাওয়া কৃষিক্ষেত হেমন্তের বন সেই
.
আজন্ম পোড়ানো শখে সেদিনের
ডাকনামে ভরেছ পরান?

বাজি

সমস্ত পঠন শেষে তুমিও উৎসুক
অব্যর্থ নিশান চেয়ে করতল পাতো
.
ফকির দাঁড়ায় এসে পরিপূর্ণতায়
.
মহানিমের নীচে মাদুলি তাবিজ
পেতে ধরে অযুতের নিজস্ব ছায়ায়
.
পায়ে লেগে পথ,ধুলো,পোষা শুঁয়োবন
.
নিশানায় বাঁধা ছিল ডাক,লাল ধান
অথচ কে তাকে আজ ফেরাবে এ ঘরে

নবান্ন

মুখ ফুটে কখনও তো
চাইতে পারিনি কিছু
অথচ,বারবেলায় টাঙিয়েছি ছেঁড়া মানতের সুতো,ইষ্টনাম
.
মনে মনে ভেবে গেছি এই মন্ত্রবল
ফেরাবে সমস্ত ধনেশের ডানা
কুবোদের ডাক
.
দরজার কাছে রাখি তেলহলুদের জল
ছায়া ভাসে,ছায়া আরো হারায় গভীরে
.
তবুও নিশ্চিত হবে এই ফেরা,অপেক্ষায়
নিজেকে সাজাই রোজ
.
যেন অন্নপূর্ণা

…     …

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place